একদিন ভালোবেসে গেছি।”- এখানে ‘ভালোবাসা’ শব্দটির তাৎপর্য লেখো। উদ্ধৃতাংশটিতে কবির বক্তব্য নিজের ভাষায় প্রকাশ করো

একদিন ভালোবেসে গেছি।”- এখানে ‘ভালোবাসা’ শব্দটির তাৎপর্য লেখো। উদ্ধৃতাংশটিতে কবির বক্তব্য নিজের ভাষায় প্রকাশ করো। ২+৩

ভালোবাসা-র তাৎপর্য: ‘ভালোবাসা’ শব্দটি দিয়ে সাধারণত গভীর প্রীতিবোধকে বোঝানো হয়। প্রাচীনকাল থেকে জীবনের পথে চলতে চলতে মানুষ একে অপরকে ভালোবেসেছে, এর ফলে মানববন্ধন সুদৃঢ় হয়ে সভ্যতার অগ্রগতি হয়েছে। কিন্তু বর্তমানে মানুষ স্বার্থপর, নিজেকে ভালোবাসতে, ভালো রাখতেই সে মগ্ন। তাই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা আজ বিপন্ন।

কবির বক্তব্য: ভালোবাসা, প্রীতি, সৌহার্দ্য বর্তমান পৃথিবীতে বিপন্ন বলেই মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের বন্ধন, আত্মীয়তার সূত্রগুলি আলগা হয়ে পড়েছে। বহু যুগ পূর্বে মানুষ যে মানুষের দিকে নিঃস্বার্থ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল সেই হাত আজ কলঙ্কিত। পৃথিবীর যেসকল মনীষী শুনিয়েছিলেন মানবপ্রেমের বাণী, তাঁদের সেই স্মরণীয় উত্তরাধিকার আজ মানুষ ভুলতে বসেছে। কী পেলাম, কী পেলাম না, কী কী পেতে হবে— প্রাপ্তি-অপ্রাপ্তির এই দ্বন্দ্বে মানুষ সদাই চিন্তিত। ক্ষণিকের প্রাপ্তিতেই সে সন্তুষ্ট, কোন্টা মোহ আর কোন্টা প্রকৃত ভালোবাসা সে বিষয়ে মানুষ অন্ধকারে। মানুষের মনে জমে থাকা এই অন্ধকার নিয়েই কবি ভাবিত-কারণ মানববন্ধন আলগা হলে ভেঙে পড়বে আমাদের সমাজব্যবস্থা, বিপন্ন হবে সংহতি। সেই আশঙ্কা থেকেই কবি আমাদের আত্মপ্রেমে মগ্ন না হয়ে বিশ্বপ্রেমে মনোনিবেশ করার বার্তা দিয়েছেন।

Leave a Comment